ধোনির মাঝে নিজের ছায়া খুঁজে পান ক্লুজনার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রোটিয়া ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ছিলেন একজন মারকুটে স্বভাবের ব্যাটসম্যান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে বোলারদের শাসন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন তিনি। বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন ক্লুজনার।

তিনি মনে করেন, বর্তমান ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভেতর নিজেকে দেখতে পান। দলের প্রয়োজনে এই দুজনে মধ্যে বড্ড মিল। ২২ গজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করে রানের গতি বাড়ানোয় এই দুজনের তুলনা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি আর ধোনির ব্যাপারে প্রশ্ন করা হলে তাই উইকেটরক্ষক ব্যাটসম্যানকেই বেঁছে নেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে ধোনি যেভাবে ম্যাচ বের করে আনেন তা দেখতেও উপভোগ করেন তিনি।

ক্লুজনার বলেন,”তাঁরা (ধোনি এবং কোহলি) এই খেলার সত্যিকারের কিংবদন্তি। তাঁরা যেভাবে নিজের দলকে স্বাচ্ছন্দ্যে জেতায় তা দেখতে আমি পছন্দ করি। ম্যাচকে গভীরে নিয়ে যাওয়া এবং শেষ দিককার ব্যাটসম্যান নিয়ে খেলা শেষ করাতে ধোনির জবাব নেই। যখন আমি তাঁর দিকে তাকাই তখন আমি নিজেকে দেখতে পাই। তবে কোহলির মতো ক্রিকেটার ইনিংসের অধিকাংশ সময় ব্যাট করে ম্যাচের নেতৃত্ব দেয়।”

ধোনি দলের রানকে গতিশীল করলেও কোহলিদের ইনিংসের শুরু থেকে ব্যাট করে যাওয়ার ক্ষমতার কারণে বর্তমান ভারত অধিনায়ককে অন্য শ্রেনীতে বিবেচনা করেন এই দক্ষিণ আফ্রিকান।

তিনি বলেন,’‘আমার মতোই ধোনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান। শুরুর বল থেকেই বোলারদের উপর চড়াও হতে থাকে এবং দলের রানের গতিকে ত্বরান্বিত করে। কোহলির তুলনায় আমাদের কাজটা কিছুটা সহজ। মানসম্পন্ন বোলারদের বিপক্ষে টপ অর্ডারে ব্যাট করে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ। এ জন্যেই আমি মনে করি কোহলি ভিন্ন শ্রেনীর অন্তর্গত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »