নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তারপর থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এর আগে এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটি চিঠিও দিয়েছিলেন সাকিব। যদিও এই অলরাউন্ডারের দাবি তাঁর চিঠি ভালোভাবে পড়েই দেখেননি বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সাকিবের ছুটির বিষয়টি প্রথমে সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে এনেছিলেন, আকরাম খান নিজেই। এরপরই সাকিবের টেস্টের প্রতি অনাগ্রহের কথাও সামনে চলে আসে।
তবে সাকিব জানিয়েছেন, চিঠির কোথাও টেস্ট খেলতে চান না তিনি এমন কথা লেখেননি। আইপিএলে খেলতে টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটের সিরিজ থাকলেও সেটা থেকে নিজেকে সরিয়ে নিতেন সাকিব। মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এই কথাটি সরাসরি চিঠিতে লিখেছিলেন বলে জানান এই অলরাউন্ডার।
সাকিব এ প্রসঙ্গে বলেছেন,”বারবার কথা হচ্ছে এই টেস্ট নিয়ে। আমি যখন বিসিবিকে চিঠিটা দিয়েছি… যারাই বলছে আমি টেস্ট খেলতে চাই না বা খেলবো না- তাঁরা এই চিঠিটা পড়েনি। এটা হচ্ছে বড় কথা। আমি আমার চিঠির কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি আমার চিঠিতে উল্লেখ করেছি যে, আমি ওয়ার্ল্ড কাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) প্রস্তুতির জন্যে এই সময়টায় আইপিএল খেলতে চাই। এরপর আকরাম ভাই স্পেশালি বারবার বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমার ধারণা উনি সত্যিকারে আমার চিঠিটা পড়েননি। তাঁরা যে ডিশিসনটা নিয়েছে তা আলোচনা করেই নিয়েছে। তবে আমার ধারণা উনি লেটারটা পড়েননি।”
