আমরা ১৩০ রান করার মতো দল না: তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাদের বোলারদের সামনে পাত্তাই পায় নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আগে ব্যাট করতে নেমে বোল্ট ও নিশামদের পেস তাণ্ডবে মাত্র ১৩২ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। কন্ডিশন যত কঠিনই হোক মাত্র ১৩০ রান (মূলত ১৩২) করার মতো দল বাংলাদেশ না বলে মনে করেন তামিম ইকবাল।

বাংলাদেশের ব্যাটসম্যানরা কিউই পেসারদের সামাল দিতে না পারার সঙ্গে বেশ কয়েকজন দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কারণেই এতো অল্প রানে গুটিয়ে গিয়েছেন বলে জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ম্যাচ শেষে তামিম বলেন,’‘হ্যাঁ, ঠিকই বলেছেন যে সকালে ব্যাটিং করাটা কঠিন ছিল। সিম হচ্ছিলো, সুইং হচ্ছিলো। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ডিসমিসালগুলো যদি দেখেন, এখানে ৩-৪টা ডিসমিসাল খুবই সফট ছিল। যেগুলা আমরা আশা করি না। যেটা আমি বললাম, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। ১৩০ রান করার মতো আমাদের দল না, যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেনো।’’

আজ ডানেডিনে যে ভুলগুলো হয়েছে সেগুলো পরবর্তী ম্যাচে পুনরাবৃত্তি করতে চান না বাঁহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের মাটিতে ভালো কিছু করতে হলে কমপক্ষে ২৭০-২৮০ রান করতে হবে বলে জানিয়েছেন তিনি।

তামিম বলেন,’‘অবশ্যই আমরা ভালো খেলিনি, ভুল শট নির্বাচন ছিল দেখেই ১৩০ রান করেছি। ম্যাচে যে ভুল আমরা করেছি, সেগুলো আমাদের সফট ডিসমিসাল ছিল। এগুলো যদি আমরা না পুনরাবৃত্তি করি আর এখানে যদি আমাদের ভালো কিছু করতে হয়, তাহলে কমপক্ষে আমাদের ২৭০-২৮০ রান করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »