নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবার আগে চিন্তা করা উচিত ক্রিকেটারদের মানসিক অবসাদের কথা। আর সেই কথা মাথায় রেখেই রোটেশন পলিসির ব্যবস্থা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে টাইগাররা এখন অবস্থান করছে তাসমান পাড়ে। তবে ওয়ানডে সিরিজ খেলেই অধিনায়ক তামিম দেশে ফিরবেন। তার এমন সিদ্ধান্তের পর বাংলাদেশেও রোটেশান সিস্টেম বিবেচনায় নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকে ক্রিকেট খেলাটা যে কতটা কঠিন সেটি জানিয়েছেন নান্নু। সেই সঙ্গে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলগুলো রোটেশন পলিসিতে সফল হওয়ায় জৈব সুরক্ষা বলয়ের মাঝে ক্রিকেটারদের মানসিক অবসাদ থেকে দূরে রাখতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি।
এ প্রসঙ্গে ক্রিকবাজকে নান্নু বলেন,’‘আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে (রোটেশন পলিসি নিয়ে)। কারণ আপনাকে বুঝতে হবে যে জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকে ক্রিকেট খেলাটা কোনোভাবেই সহজ নয়। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে রোটেশন পলিসি অনুসরণ করে বেশ সফল।’’
জৈব সুরক্ষা বলয়ে বেশিদিন থাকতে না পেরে যদি কোনো ক্রিকেটার বিরতি নেয় তাহলে কারণ দর্শানোর কোনো কিছু নেই বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন,’‘আমরা যদি এটি গ্রহণ করি তাহলে খুব বেশি হাহাকারের দরকার নেই। কারণ সমস্ত জৈব সুরক্ষা বলয়ে অবশ্যই ক্রিকেটারদের মনে এক প্রকার ঝাঁকুনি তৈরি করে। কেউ যদি বিরতি নিতে চায় তাহলে কারণ দর্শানোর কিছু নেই।”
