নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের মাটিতে সবসময় টাইগাররা যেনো অসহায়, তাইতো চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে পাত্তাই পায়নি তামিম ইকবালের দল।
অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে এটাই ছিল তামিমের প্রথম ম্যাচ। সেই ম্যাচে এমন রসকসহীন ক্রিকেটের পর অধিনায়কের কণ্ঠে হতাশা জায়গা করে নিয়েছে। তামিম খুব বেশি ভুলত্রুটি না দেখে নিজেদের ঘাড়েই সব দায় চাপাচ্ছেন।
আজ শনিবার (২০ মার্চ) কুইন্সটাউনে টস হেরে ব্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় টাইগাররা। এমন পারফরম্যান্সের পর বোলারদের জন্য তেমন কিছু করার ছিল না বা থাকেও না। ফলাফল- মাত্র ২১.২ ওভারে অসহায় আত্নসমাপর্ণ।
ম্যাচ শেষে তামিম দোষ দিলেন ব্যাটিং ইউনিটকেই। তিনি বলেন,’‘আমার মনে হয় অনেক বেশি সফট ডিসমিসাল ছিল। কোনো সন্দেহ নেই, তারা অনেক ভালো বল করেছে। আমাদের ব্যর্থতার দায় আমাদের ওপরই দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের কোথাওই গর্ব করার মত কিছু ছিল না।’’
কোয়ারেন্টিনের কারণে ক্রিকেটাররা প্রায় ৩ সপ্তাহ ধরে নিউজিল্যান্ডে থেকেছেন, এরপর খেলতে নেমেছেন। তামিমের কণ্ঠে তাই হতাশা।
তিনি জানান,’‘এখানে অনেক দিন হল অবস্থান করছি। প্রস্তুতি নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। আমাদের জন্য নিউজিল্যান্ড নতুন কিছু না। আমরা জানতাম কেমন মোকাবেলা করতে হতে পারে। আশা করি সামনে ভালো করতে পারব।”
