নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
যুগের পর যুগ ধরে অসাধারণ সব পেস বোলার জন্ম নিয়েছে পাকিস্তান ক্রিকেট দলে। সেই সব তরুণদের মধ্যে প্রতিভার তেমন অভাব ছিল না। তবে সেই প্রতিভাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি দেশটি। স্পট ফিক্সিং কেলেঙ্কারি কিংবা ক্যারিয়ারের প্রতি উদাসীনতার কারণে ঝড়ে পড়ার উদাহরণ রয়েছে। এই তালিকায় মোহাম্মদ আমিরকে বলা যেতে পারে।
নিদারুণ প্রতিভা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তার। এরপর স্পষ্ট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন তিনি। এরপর মাঠে ফিরে উল্টো বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সাথে মানসিক নির্যাতনের অভিযোগ এনে অনেকটা অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন।
খেলোয়াড়দের প্রতি সেভাবে কখনো সমর্থনও দেয় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন প্রতিবেশী দেশ ভারতকে। প্রথম কয়েকয়টি ম্যাচে খারাপ করার পরেও জসপ্রিত বুমরাহকে সুযোগ দিয়েছিল তারা এবং সে এখন বিশ্বের অন্যতম সেরা বোলার।
আমির বলেন,”মাত্র চার–পাঁচ ম্যাচ দেখে বিচার করাটা সঠিক মানসিকতা হতে পারে না। মনে করে দেখুন, জাসপ্রিত বুমরাহ প্রথম ১৬ ম্যাচে মাত্র ১ উইকেট পেয়েছিল, যখন সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছিল। কিন্তু কেউ এ নিয়ে প্রশ্ন তোলেনি। কারণ, তারা জানত সে ম্যাচ জেতানো বোলার। সে সময় তাকে সমর্থন দেওয়া উচিত ছিল এবং ভারতীয় ম্যানেজমেন্ট সে কাজটিই করেছে।”
তিনি আরো বলেন,”আপনার কাজটাই হলো খেলোয়াড়কে সাহায্য করা, বাজে পারফরম্যান্স করলে ছুড়ে ফেলে দেওয়া নয়। তেমন কিছু হলে আমাদের দায়িত্ব হলো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়দের নিয়ে একটা দল গড়ে দেওয়া। তাহলে আপনারা (পিসিবি) একটু আরামে থাকতে পারবেন, কিছুই করতে হবে না।”
