আইপিএলে সফল হওয়ার কারণ জানালেন নারিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের ক্যারিয়ারের শুরু থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন সুনীল নারিন। ২০১২ সাল থেকেই দলটির সাথে পথচলা তার। শুরুর দিকে স্পিনার হিসেবে খেললেও এখন ব্যাটে-বলে সমান তালে এক ভরসার নাম নারিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নারিন তার আইপিএলের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেছেন। ক্যারিবীয় এই ক্রিকেটার মনে করেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত মুখ না হওয়া স্বত্বেও আইপিএলে সুবিধা পেয়েছিলেন তিনি। শুরুতে তাঁর বল কেউ বুঝতেই পারছিলেন না। এ ছাড়া আইপিএলের শুরুর দিকের উইকেটগুলোতেও স্পিনারদের জন্য সুবিধা ছিল বলে মনে করেন তিনি।

নারিন বলেন,”আইপিএলের শুরুতে উইকেট থেকে কিছুটা বেশি সুবিধা পেতো স্পিনাররা এবং এটা আমার সাফল্য অবদান রেখেছে। নতুন হওয়ায় (আইপিএলে) আমার সম্পর্কে বেশি কিছু জানতো না কেউ। তখন আমি খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও খেলিনি। এর ফলে আমি কি করতে পারি আর কি করতে পারি না টা জানা সম্ভব ছিল না। তাই সম্ভবত আন্তর্জাতিক ম্যাচ কম খেলার কারণে আইপিএলে এটা সেরা চমক ছিল। এটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো এবং আরেক স্বপ্নের শুরু। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সত্যিকার অর্থে দলের হয়ে শিরোপা জেতার স্বাদ অতুলনীয়।”

বোলিংয়ের পাশাপাশি একজন মারকুটে ব্যাটসম্যান হিসেবেও কলকাতার বেশ কিছু জয়ে অবদান রেখেছেন তিনি। বোলার থেকে ওপেনার হয়ে ওঠার গল্পটাও খোলাসা করেছেন নারিন।

তিনি বলেন,”আমি বিগব্যাশে প্রথম ওপেনিং করি এবং এর পরের বছর আইপিএলে আসি। তারা আমাকে বলে ওপেন করার জন্য। আমি বলি, দল যা চায় তাই আমি করবো। আমি দলের জয়ে অবদান রাখতে চাই। আমি চেষ্টা করবো সেরাটা দিতে। গাম্ভির আমাকে বলেছিল, কিচ্ছু পরিবর্তনের চেষ্টা করো না, আত্মবিশ্বাসী থাকো, যাও এবং ভালো শুরুর চেষ্টা করো। এটাই মূল লক্ষ্য ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »