নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইন্ডিয়ান ওপেনার লোকেশ রাহুলের। চলতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১ রান করলেও পরের দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। এরপরই চারদিকে সমালোচনার ঝড় শুরু হয়েছে তাকে নিয়ে। তবে ব্যর্থ রাহুলেই আস্থা রাখছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম ম্যাচে ৪ বলে ১ করে বোল্ড, দ্বিতীয় ম্যাচে ৬ বলে শূন্য রানে কটবিহাইন্ড, পরের ম্যাচে ৪ বলে শূন্য রানে বোল্ড। এমন ব্যর্থ হওয়ার পর তাই চারদিকে চলছে রাহুলের সমালোচনা। অবশ্য সবাই তার বিপক্ষে থাকলেও অধিনায়ক কোহলি এখনো আস্থা রাখছেন তার কাঁধেই।
রাহুলকে চ্যাম্পিয়ন ক্রিকেটার আখ্যা দিয়ে কোহলি বলেন,”আমাদের জন্য সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। গত দুই-তিন বছরে তার পরিসংখ্যান দেখলে, টি-টোয়েন্টিতে তা সম্ভবত বিশ্বের যে কারও চেয়ে ভালো। রোহিতের সঙ্গে টপ অর্ডারে সে আমাদের মূল ব্যাটসম্যানদের একজন হয়েই থাকবে।”
তবে কোহলির বিশ্বাস খুব দ্রুতই ফর্মে ফিরবেন রাহুল। এমনকি সেটা মাত্র পাঁচ-ছয় বলের ব্যাপার বলেও মনে করেন ভারতের অধিনায়ক।
এ প্রসঙ্গে কোহলি আরো বলেন,”দুই ম্যাচ আগে আমিও তো বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম! এসব চিত্র খুব দ্রুতই বদলে যায়। টি-টোয়েন্টি খুবই সহজাত প্রবৃত্তির খেলা। আমরা জানি, সে যখন ইতিবাচক খেলা শুরু করবে এবং দু-একটি শট ব্যাটে লেগে যাবে, এই সংস্করণে এটি স্রেফ পাঁচ-ছয় বলের ব্যাপার (নিজেকে ফিরে পাওয়া)।”
