নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল কয়েকটি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন ঋষভ পান্ত। অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছেন তিনি। তবে ভারতীয় এই উইকেটরক্ষককে নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন তাঁরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। তার দাবি, বেশকিছু সময় পান্তের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছেন না তিনি।
তাঁর ডিআরএস নিয়ে বেশকিছু সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর নেয়া কিছু রিভিউ ভুল প্রমাণিত হয়েছে। আবার গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ না নেয়াতেও তৈরি হয়েছে বিতর্ক।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,’‘ইংল্যান্ড সিরিজের আগে ডিআরএস নিয়ে আমার নেয়া সিদ্ধান্তগুলো খুবই ভালো ছিল। কারণ যখন আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন, তখন উইকেটরক্ষকের উপর আপনাকে অনেকাংশে নির্ভর করতে হবে। বল লাইনে পড়েছে কি না-তা উল্লেখ করে যুক্তিসহ প্রশ্ন করেছি। তবে যেখান থেকে আমি বল করি এবং বাউন্সের ব্যাপারে উইকেটরক্ষকের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ। এসব ব্যাপারে ঋষভ আমাকে বেশকিছু সময় হতাশ করেছে।’’
ডিআরএসের এই সমস্যা নিয়ে ইতিমধ্যে পান্তের সঙ্গে সরাসরি কথাও বলেছেন অশ্বিন। তবে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে চান তিনি।
তিনি আরও বলেন,’‘আমি তাঁকে নিয়ে আলাদা করে কথা বলেছি এবং জানিয়েছি যে, এই নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কারণ রবি ভাই (রবি শাস্ত্রী) ডিআরএস নিয়ে নেয়া আমার বেশকিছু সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগ জানিয়েছে। তাই কোন ধরনের উন্নতি যদি করতেই হয় তাহলে আগামী সিরিজে আমি আরও ভালো ডিআরএস সিদ্ধান্ত নেব। সঠিকভাবে বিবেচনার জন্য আমি নিজেকে ধরে রাখবো। কারণ লাল মাটির পিচে এই ধরণের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।”
