বাটলার ঝড়ে ম্লান কোহলির ইনিংস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মোতেরায় দর্শকহীন ৩য় টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ইংলিশরা। এই জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো সফরকারীরা। করোনার প্রকোপ বাড়ায় এই ম্যাচ সহ বাকি ম্যাচ গুলোতে দেখা যাবে না দর্শকদের।

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ২৪ রানেই হারায় তিন উইকেট। এরপর বেশিদূর যেতে পারেননি রিশাব পান্টও! তিনি ফেরেন ব্যক্তিগত ২০ রানেই। শ্রেয়াস আইয়ারও দ্রুত ফিরলে ১৪.৪ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮৬ রান! স্বল্প রানেই গুড়িয়ে যাওয়ার ইংগিত দিলেও শেষ দিকে ব্যাট হাতে মোতেরার বুকে ঝড় তুলেন বিরাট কোহলি! তার করা ৪৬ বলে অপরাজিত ৭৭ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৬ রান করে স্বাগতিকরা। ৮ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন তিনি, ইংলিশদের বিপক্ষে এটি তার সর্বোচ্চ স্কোর। ইংলিশদের পক্ষে ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মার্ক উড।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা বেশ ধীরেই করে ইংলিশরা। দলীয় ২৩ রানেই ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন জেসন রয়। তবে আগের দুই ম্যাচে ব্যর্থ জস বাটলারের ঝড়ে ম্যাচ জয় সহজ হয়ে যায় ইংলিশদের। মাত্র ২৬ বলে ৩ ছয় ও ৪ চারে ফিফটি করেন তিনি। ওপেনিংয়ে এটি তার ৭ম ফিফটি। আরেক প্রান্তে মালান দ্রুত ফিরলেও বাটলারের ৫২ বলে ৮৩ রানের ঝড়ে সাথে বেয়ারস্টোর ২৮ বলে ৪০ রানে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

মোতেরায় ভারতীয় বোলারদের এদিন পাত্তাই দেননি বাটলার-বেয়ারস্টোরা। ৮ উইকেটের জয়ে ২-১ এ সিরিজে এগিয়ে গেলো মরগানের দল। বাটলার-কোহলিদের দিনে তারা কতটা ভয়ংকর হতে পারেন তাই দেখলো ক্রিকেটবিশ্ব।যদিও শেষ হাসিটা হেসেছেন বাটলারই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »