ছেলেদের ক্রিকেটে কোচ হিসাবে যুক্ত হলেন সারাহ টেলর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০১৯ সালের সেপ্টেম্বরে মানসিক অবসাদে ভুগার কারণে ক্রিকেটকে বিদায় বলেছিলেন সারাহ টেলর। তবে কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এখনও ক্রিকেটে ফেরার সময় শেষ হয়ে যায়নি। এখন আবারো ক্রিকেটে ফিরলেন, তবে অন্য ভূমিকায়।

ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্স পুরুষ দলের সহকারী কোচের দায়িত্ব নিয়ে ক্রিকেটে ফিরলেন তিনি। আর সারাহকে নিয়োগ দেয়ার এ বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স কতৃপক্ষ। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ইতিহাসে এবারই প্রথম কোনো নারী ছেলেদের মূল দলে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করবেন।

সারাহ কোচ হয়ে এই দলকে অনেক কিছু দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাসেক্সের প্রধান কোচ জেমস কার্টলি। তিনি বলেন,’‘সারাহর দেওয়ার আছে অনেক কিছু, শুধু আমাদের ক্রিকেটারদের জন্যই নয়, দলের আবহের জন্যও। উইকেটকিপিংয়ে সে দারুণ দক্ষ, কিন্তু ব্যক্তি হিসেবেও দলে যোগ করবে অনেক কিছু । প্রেক্ষাপটে ভিন্ন মাত্রা যোগ করবে সে, কোচ হিসেবে নতুন ভাবনার খোরাক জোগাবে এবং যোগাযোগের ক্ষেত্রে সে অসাধারণ।’’

এছাড়া নিজের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া সারাহ বলেন,’‘সাসেক্সে দারুণ প্রতিভাবান একদল কিপার আছে আমাদের এবং তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। তাদের সেরাটা বের করে আনতে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা আমি ভাগাভাগি করে নিতে চাই। সবকিছু সহজ রাখা ও মৌলিকত্বকে নিখুঁত করে তোলায় বিশ্বাসী আমি, যাতে ছেলেরা গ্লাভস হাতে উপভোগ করতে পারে এবং নিজেদের মেলে ধরতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »