নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান ভারত দলে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ‘স্বাধীনভাবে খেলো’ নীতিতে চলছে দল। দলের তরুণ ক্রিকেটারদের থেকে সর্বোচ্চ পেতেই এমন সিধান্ত অবলম্বন করেছে তাঁরা। তবে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে এই পন্থা ভেস্তে গিয়েছে। এই ম্যাচে ইংলিশদের বিপক্ষে ৮ উইকেটের বড় পরাজয়ের মুখ দেখে ভারত।
দলের এমন ব্যর্থতার পরেও পরিকল্পনায় কোন পরিবর্তন দরকার নেই বলে মনে করেন প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ার। নিজেদের পুরনো পরিকল্পনা নিয়েই সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে ভারত- এমনটাও জানিয়েছেন ডানহাতি এই ক্রিকেটার।
আইয়ার বলেন,”এটা বদলাবে না। কারণ যদি আপনি আমাদের ব্যাটিং লাইনআপের দিকে তাকান, তাহলে দেখবেন যে ধরনের পাওয়ার হিটার্স আমাদের রয়েছে তাতে সত্যিকার অর্থেই আমাদের কিছুই বদলানোর দরকার নেই।আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং যত বেশি সম্ভব সেই পরিকল্পনার বাস্তবায়ন আমাদের করতে হবে। কারণ আসন্ন বিশ্বকাপের আগে আমাদের সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেখতে হবে। এটা পাঁচ ম্যাচের সিরিজ। তাই বিভিন্ন ধরণের কৌশল বাজিয়ে দেখার এটাই উপযুক্ত সময়।’’
ঋষভ পান্তকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে জায়গা করে দিতে তার জায়গা পরিবর্তন করা হয়েছিল। তবে দলের প্রয়োজনে এমন পরিবর্তন নিজের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে না বলেও জানান এই উঠতি তারকা।
এই ক্রিকেটার আরও বলেন,’‘পারফর্ম করার কোন চাপ নেই আমার উপর। আমি স্বাধীনভাবে ও খুশী হয়েই খেলছি এবং নিজের ইনিংস উপভোগ করছি। আপনি যখন ভারতীয় দলে ঢুকবেন তখন যেকোন জায়গাতেই আপনাকে মানিয়ে নিতে হবে। আমি কোন পরিবর্তন আনিনি। এটা কেবলই মানসিকতার পরিবর্তন। পরিস্থিতি অনুযায়ী দলের যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যাট করতে পারা।”
