নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৯৭১ সালের ৬ মার্চ অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে আরো ১৬-১৭ বছর দাপটের সঙ্গে খেলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তবে নিজের এমন বর্নিল ক্যারিয়ারের পেছনে স্যার গ্যারি সোবার্সকে কৃতিত্ব দিচ্ছেন তিনি।
গাভাস্কার জানান অভিষেক টেস্টে তাঁর ক্যাচ মিস করে সোবার্স তাঁকে নতুন জীবন দিয়েছিলেন। নিজের টেস্ট অভিষেকের ৫০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে বিশেষ সম্মাননা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলার সময়ই এমনটা জানিয়েছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে গাভাস্কার বলেন,’‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ রানে খেলছিলাম। সেই সময় একটা বল ড্রাইভ করতে গেলাম, তা ব্যাটের কাণায় লেগে চলে গেল স্যার গ্যারি সোবার্সের হাতে। ক্যাচটা সোজা তাঁর দিকেই গিয়েছিল কিন্তু সে ধরতে পারেনি। ১২ রানে দাঁড়িয়ে থাকা আমি ক্রিকেট জীবনের প্রথম উপহার পেলাম সেই সময়েই।’’
অভিষেক ম্যাচে ১২ রানে জীবন পাওয়া গাভাস্কার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। এরপর দলে জায়গাও পাকাপোক্ত হয় তাঁর।
গাভাস্কার বলেন,’‘জীবন ফিরে পেয়ে করেছিলাম হাফসেঞ্চুরি। পরের টেস্টের দলে নিজের জায়গাও পাকা হয়ে গিয়েছিল। পরের টেস্টেও সেই একই ঘটনা। ছয় রানে খেলছিলাম, সেই সময় অফ স্টাম্পের বাইরে বল মারতে গিয়ে ক্যাচ দিলাম সোবার্সকে। এবারও বলটা খুব দ্রত তার কাছে পৌঁছে গিয়েছিল, ফলে সোবার্স সেটা ভাল নজর করতে পারেনি। বল তার বুকে লাগে। সেটা সামলে ওঠার আগেই বল মাটিতে পড়ে যায়। সেই সুযোগে আমিও প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেয়ে যাই।’’
নিজের প্রথম দুই টেস্টে এমন দুটি সুযোগ না পেলে ক্যারিয়ার এতটা দীর্ঘ হতো বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেন,’‘সেই জীবন ফিরে পাওয়াই ভারতের হয়ে ১৬-১৭ বছর খেলার রাস্তা তৈরি করে দেয়। ওই দুটো জীবন ফিরে না পেলে হয়তো এই জায়গায় থাকতামই না।’’
