নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্বইচ্ছায় দায়িত্ব থেকে বিদায় জানানোর পর বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ওপেনার তামিম ইকবালকে। দায়িত্ব পাওয়ার পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে তামিমের নেতৃত্বাধীন দল। এবার তামিমের সামনে নিউজিল্যান্ড মিশন।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন, তামিম অধিনায়ক হওয়ায় তা ইতিবাচক ফল বয়ে আনবে বাংলাদেশ দলের জন্য। অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা নিয়ে তামিম যথেষ্ট সচেতন বলে মনে করেন ভেট্টোরি।
ভেট্টোরি বলেন,”আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারায়। সে খুবই খোলা মনের মানুষ এবং সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে, সে বোঝে আগে কী কাজ করেনি এবং সে খুবই ইতিবাচক কোন ব্যাপারগুলো কাজ করবে সেই ব্যাপারে।’’
অধিনায়ক হিসেবে এটাই তামিমের প্রথম বিদেশ সফর, তাই তামিম ও তার দলের জন্য ভালো করাও জরুরি। ভেট্টোরি বলেন,’‘আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা এটা। আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল যারা খুব ভালো খেলছে। কিন্তু আশা করছি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি।”
