নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েকটি সিরিজ যেন স্বপ্নের থেকেও ভালো সময় পার করছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। দেশের বাইরে অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে ঘরের মাঠে ইংল্যান্ডকে মারকাটারি সব শর্টের কারণে ভারতীয় এই ক্রিকেটার ভাসছে প্রশংসার জোয়ারে। কেউ তাঁর তুলনা করছে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে, কেউ বা বীরেন্দর শেবাগের সঙ্গে।
তবে পান্তকে নিয়ে এসব বাড়তি আলোচনার ইতি টানতে বলেছেন রোহিত শর্মা। তাকে চাপে না ফেলে তাঁর মতো থাকতে দেয়ার অনুরোধও করেছেন ভারতীয় এই ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বলেছেন রোহিত। সমর্থক-মিডিয়া চাপে ফেলে না দিলে পান্তকে থামানোর উপায় নেই বলেও উল্লেখ করেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
রোহিত বলেন,”সে আরও ভালোভাবে সামনে ছুটবে। পিছু তাকানোর কিছু নেই। অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে অসাধারণ পারফর্ম করেছে সে। আমি তো দেখছি যে তাকে থামানোর কোনো উপায় নেই, যদি না আপনারা তাকে চাপে ফেলে দেন।‘’
মাঠে পান্তকে যা খুশি তাই করতে দেয়ার স্বাধীনতা দেয়া হয়। এ প্রসঙ্গে রোহিত আরও বলেন,’‘তাকে নিজের মতো থাকতে দেওয়া গুরুত্বপূর্ণ। খেলাটা সে উপভোগ করে, মাঠে তা নিশ্চয়ই দেখেছেন। টিম ম্যানেজমেন্ট থেকে আমরা এটাই দেখতে চাই, মাঠে নেমে সে উপভোগ করবে খেলা এবং যা মন চায়, করবে। জরুরি হলো, আমরা যেন তাকে তার মতো থাকতে দেই এবং স্বাধীন হয়ে খেলার সুযোগ দেই। এই স্বাধীনতা তার প্রয়োজন।’’
পান্তকে পান্তের মতো থাকতে দিলেই কেবল তাঁর ভেতরের সেরাটা পাওয়া যাবে বলে ধারণা এই ওপেনারের। তিনি বলেন,’‘তাকে মুক্ত করে দিতে হবে। আমরা যদি পান্তকে পান্তের মতো থাকতে দেই, তাহলে সে এরকম পারফরম্যান্স আরও উপহার দেবে। আগেও আমি অনেকবার বলেছি, ‘তাকে তার মতো থাকতে দাও।“
