নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে হোম ও এওয়ে ম্যাচের সিস্টেম থাকছে না। নির্দিষ্ট কিছু ভেন্যুতে হবে আইপিএলের এবারের আসরের সবগুলো ম্যাচ। মোট ৬ ভেন্যুতে হবে আইপিএলের ১৪তম আসর। তবে কথা উঠেছে আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আবেদন করবে যাতে আইপিএলের ভেন্যু গুলোই বিশ্বকাপের ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজন করার।
করোনার প্রকোপে দীর্ঘ ৭ মাস প্রায় বন্ধ ছিলো ক্রিকেট! স্থগিত হয় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। যার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইপিএলের জন্য নির্দিষ্ট ভেন্যু গুলোই বিশ্বকাপে ব্যবহারের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই এর একজন কর্মকর্তা। আইপিএলের জন্য ভেন্যু হিসেবে কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও দিল্লিতে ম্যাচ আয়োজন করার কথা রয়েছে। এই ছয় ভেন্যুর নামই আইসিসির কাছে সুপারিশ করবে বলে জানিয়েছেন বিসিসিআই এর উর্ধতন কর্মকর্তা।
মূলত করোনা ভাইরাসের ঝুকি এড়াতে এবং একটি সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘এক ম্যাচের জন্য একটি শহর থেকে অন্য শহরে যাতায়াত করা বিশাল ঝুঁকির ব্যাপার। যদি ভেন্যুর সংখ্যা কম হয় তবে একটি সফল টুর্নামেন্ট আয়োজন করতে আমাদের সহায়তা করবে।’
এছাড়া চেন্নাই ও বেঙ্গালুরুতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজন করার জন্যও আবেদন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
