নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা প্রকোপ শুরু হওয়ার পর এবারই প্রথম বিদেশ সফরে গিয়েছে বাংলাদেশ দল। একেতো বিদেশ সফর তার উপর সেই সফরকে আরও কঠিন করে তুলেছে কোয়ারেন্টাইন। তবে এতকিছুর মাঝেও নিউজিল্যান্ডে পাওয়া সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বাংলাদেশ দল।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পা রাখে গত ২৪ ফেব্রুয়ারি। প্রথম ৩ দিন ত বাইরের আলো-বাতাসের দেখাই পাননি ক্রিকেটাররা। ৩ দিন পর প্রতিদিন ৩০-৪০ মিনিট করে নির্দিষ্ট গ্রুপের সাথে সীমিত জায়গায় হাঁটাচলার সুযোগ পেয়েছেন। এরপর ৮ দিন কোয়ারেন্টিন পালন শেষে শুরু করেছেন অনুশীলন।
তবে অনুশীলনের সময় বেঁধে দেওয়া হয়েছে ২ ঘণ্টা। বাকি সময় থাকতে হবে কোয়ারেন্টিনে। ক্রাইস্টচার্চে আগের একটা দুঃস্মৃতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। এবার আরেক দফা শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়েছে সবাইকে। এতকিছুর পরও কোনো অসন্তোষ নেই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে।
তিনি বলেন,’‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা যে অনুশীলন চালিয়ে যেতে পারছি। দারুণ সুযোগ-সুবিধা এখানে। উইকেটগুলোও খুব ভালো। ভালোভাবে অনুশীলন করতে পারছি। যে দুই ঘণ্টা রোজ সময় পাচ্ছি নিশ্চিত করছি এই সময়ে যেন ঠিকমত অনুশীলন করতে পারি।’’
কোয়ারেন্টিন থেকে মুক্তি পাওয়ার জন্য আর একবার করোনা টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে তাদের। রিয়াদ জানান, তার আগে বোলিং, দৌড় ও ফিটনেস নিয়ে কাজ করছে দলের সবাই। তিনি বলেন,’‘রানিং, ফিটনেস, ফিল্ডিং নিয়ে কাজ করছি; উপভোগ করছি। কোয়ারেন্টিনের আর এক দিন আছে। করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হলে বাইরে যাওয়ার অনুমতি পাব।”
