নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা জাতীয় দল। তার আগে এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয় দল যাবে শ্রীলঙ্কা সফরে।
আগামী মাসের সফরে শ্রীলঙ্কার মাটিতে টাইগাররা খেলবে দুটি টেস্ট ম্যাচ। দুই ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই লক্ষ্যে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। কোয়ারেন্টিন পালন শেষে এপ্রিল-মে মাস জুড়ে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।
আগামী ২০ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান,’‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’’
তিনি আরও বলেন,’‘আসার পরে হয়ত আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাবো। আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হবার কথা তিন ম্যাচের ওডিআই সিরিজ এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’’
নিজামউদ্দিন চৌধুরী আরও জানিয়েছেন, এশিয়া কাপ ফের স্থগিত হলে ঐ সময়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট, যেখানে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
