নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোটেশন পলিসি সিস্টেমের কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জায়গা হয়নি বেন ফোকসের। চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে গিয়েছিলেন জস বাটলার যে কারণে পরের তিন টেস্টে দলের নিয়মিত মুখ ছিলেন ফোকস। সিরিজের শেষ তিন ম্যাচে ইংলিশরা ভালো করতে না পারলেও উইকেটের পেছনে দারুণ সময় পার করেছেন ফোকস।
উইকেটের পেছনে নিজের দক্ষতা দেখিয়ে সাবেক ক্রিকেটারদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবুও ফোকসের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ অধিনায়ক জো রুট। তাঁর মতে, ফোকস বর্তমান বিশ্বের সেরা উইকেটরক্ষক। আরেক উইকেটরক্ষক বাটলারেরও প্রশংসা করেছেন তিনি।
এ প্রসঙ্গে রুট বলেন,”আমি মনে করি এই টেস্ট সিরিজে বেনের উইকেটকিপিং দুর্দান্ত ছিল। আমি মনে করে তর্ক সাপেক্ষে সে বিশ্বসেরা উইকেটরক্ষক। তাঁর গ্লাভসের কাজ দুর্দান্ত, সে দুর্দান্ত খেলোয়াড়ও। এটাও বলছি যে জস (বাটলার) একজন দারুণ অভিজ্ঞ খেলোয়াড়, সে গত বছর দলের জন্য অনেক অবদান রেখেছে। এই প্রতিযোগীতাটি দলের জন্য বেশ ভালো।”
ইসিবির রোটেশন পলিসি নিয়মের কারণে দলের সব সেরা খেলোয়াড়দের এক সঙ্গে পাননি রুট। তবে সিরিজ থেকে অনেক কিছু শিখেছেন, যা পরবর্তীতে কাজে দেবে বলে বিশ্বাস তাঁর।
রুট বলেন,”আমি মনে করি আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। যা পরবর্তীতে কাজে লাগবে। এটা ইংল্যান্ড দলের জন্য ভালো এবং এটা তিন ফরম্যাটের জন্যই ভালো হবে। যদিও এটা আদর্শ উপায় নয় (শিক্ষার)। অধিনায়ক হিসেবে আপনি সবসময় চাইবেন আপনার সব খেলোয়াড় উপলব্ধ থাকুক এবং এটা এই সিরিজে হয়নি।’’
