নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল শেষ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ। তবে এই সিরিজে কোন সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহলি। চার টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৭২ রান। রানের হিসেবে যা কিনা তাঁর ক্যারিয়ারের অন্যতম বাজে সিরিজ।
কোহলির নেতৃত্বে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে ভারত। অবশ্য ভারতের এমন দাপুটে জয়ের পেছনে অধিনায়ক কোহলিকে কৃতিত্ব দিচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই দলে খেলেন এই তারকা দুই ক্রিকেটার। তাই অধিনায়ক কোহলির ভূমিকা সম্পর্কে ভালোই জানা আছে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যানের। ভারতীয় এই ক্রিকেটারকে ‘বিশেষ অধিনায়ক’ আখ্যায়িত করে প্রোটিয়া এই ক্রিকেটার লেখেন, দলে কোহলির প্রভাবের কারণেই তরুণ ক্রিকেটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পেরেছে।
তিনি বলেন,’‘এই টেস্টে কোহলির নেতৃত্বের কারণেই অক্ষর, ঋষভ, ওয়াশিংটনদের মতো তরুণ ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পেরেছে এবং ম্যাচে প্রভাব বিস্তার করতে পেরেছে। যখন ক্রিকেটাররা খারাপ করে বা ব্যক্তিগতভাবে ভেঙে পরে তখন বডি ল্যাঙ্গুয়েজ এবং আবেগের মাধ্যমে তাঁদের উন্নতি ঘটানোর জন্য বিশেষ নেতৃত্বের দরকার পরে।’’
