নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঝপথে বন্ধ হয়ে গেল আয়ারল্যান্ড উলভস এবং বাংলাদেশ ইমারজিং দলের ম্যাচ-
চট্টগ্রামে বন্ধ হয়ে গেল আয়ারল্যান্ড উলভস এবং বাংলাদেশ ইমারজিং দলের প্রথম ওয়ানডে ম্যাচ। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের মাঝপথে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ও বিরল এক ঘটনা। আয়ারল্যান্ড উলভস দলের পেসার রুহান পিটোরিয়াস এর করোনা পজিটিভ নিশ্চিত হয়েছে। এরপর সাথে সাথে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়।
আয়ারল্যান্ড উলভস এর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২২ রান করেছিল বাংলাদেশ। সেই সময় পিটোরিয়াস এর করোনা পজিটিভ নিশ্চিত হলে তৎক্ষনাৎ ম্যাচ বন্ধের ঘোষনা করেন ম্যাচ অফিসিয়ালরা।
বাংলাদেশ আয়ারল্যান্ড এর মধ্যেকার ৪ দিনের টেস্ট ম্যাচেও খেলেছিলেন পিটোরিয়াস।বাংলাদেশে আসার পর রুটিনমাফিক করোনা পরীক্ষায় এতদিন নেগেটিভও ছিলেন তিনি। তবে সর্বশেষ করোনা পরীক্ষায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে।সর্বশেষ নমুনা পরীক্ষায় প্রিটোরিয়াসের পজিটিভ ফল যখন হাতে এসেছে, তখন বাংলাদেশ ইনিংসে অর্ধেক শেষ হয়ে গেছে। বল হাতে উইকেটও পেয়েছেন এই আইরিশ বোলার। ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ইয়াসির আলির উইকেট নিয়েছেন তিনি।
জরুরি পরিস্থিতিতে ম্যাচ অফিসিয়ালরা প্রথম ওয়ানডে বাতিল ঘোষণা করেছেন। আইরিশ ক্রিকেটাররা এখন তাদের হোটেলে ফিরে যাবেন। সিরিজের মাঝপথে করোনা হানা দেওয়ায় আর মাঠে দুই দলের ক্রিকেটাররা একসাথে অবস্থান করায় বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও জেগেছে শঙ্কা।
নিউজক্রিকেট / রাসেল
