নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। বাইরের দেশগুলোর মধ্যে সবথেকে নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং। আর সেখানে বাংলাদেশের পারফরম্যান্স একেবারে নিচের দিকে। কিউইদের কন্ডিশনে স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা নেই তবে ড্যানিয়েল ভেটরির কারণে কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশ। কারণ বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
করোনার কারণে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত নন তিনি, তাই ভেটরির সঙ্গে নতুন করে চুক্তি নবানয়ন না করলেও বাংলাদেশের সঙ্গে তিনি আরও ২০-২২ দিন কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।
নিউজিল্যান্ডের মাটিতে খেলা হওয়ায় ভেটরি অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাহী। সেই সঙ্গে তাঁর মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে ক্রিকেটাররা উপকৃতও হবে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন,’‘ভেটরি কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং সার্ভিস দিচ্ছেন। কিন্তু করোনার কারণে হয়তো উনার আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। মূল বিষয় হলো উনি বাংলাদেশ দলের সঙ্গে যেখানেই যোগ দেন না কেন দেশে ফিরে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে এটাই উনার জন্য মূল চ্যালেঞ্জ দেশে ফিরে আবার ১৪ দিনের কোয়ারেন্টাইন। উনি বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেই যুক্ত হচ্ছেন। যেটা বলা হচ্ছে উনার মতো একজন কিংবদন্তী ক্রিকেটারের ক্ষেত্রে আমরা সেগুলো অন্যভাবে দেখছি। বোর্ড মনে করে যে ভেট্টোরির মত একজন কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশ দলের সাথে থাকা কিংবা ড্রেসিং রুম ভাগাভাগি করাটা কিন্তু আলাদা মাত্রা যোগ করে। উনার মতো একজন সাবেক অধিনায়ক, বিশেষ করে নিউজিল্যান্ডের কন্ডিশনে উনার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান। সুতরাং বোর্ড যেটা করেছে সবকিছু চিন্তাভাবনা করেই করেছে। দিনের হিসেবে উনি ২০-২২ দিন বাংলাদেশ দলের সাথে থাকবে।”
