নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট মাঠে ব্যাট হাতে বিরাট কোহলির কাছে সেঞ্চুরি ডাল ভাতের মতো। তবে এবার ক্রিকেট মাঠের বাইরে অন্যরকম এক সেঞ্চুরির কীর্তি গড়লেন ভারতীয় এই অধিনায়ক।
ভারতের পাশাপাশি বর্তমান সময়ে বিশ্বেরই অন্যতম জনপ্রিয় ক্রিকেটার এখন কোহলি। যে কারণে ভারতে তার জনপ্রিয়তা ও অন্যরকম। বিশাল জনগোষ্ঠীর দেশটির তারকা হিসেবে কোহলির ভক্ত-সমর্থকের সংখ্যাও অনেক বেশি।
সেই সুবাদে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার পেয়ে গেছেন কোহলি। ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবেও কোহলি একমাত্র ব্যক্তিত্ব যিনি ১০০ মিলিয়ন অনুসারী পেয়েছেন ইনস্টাগ্রামে।
ক্রীড়াঙ্গনে ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম অনুসারীর কীর্তি আছে সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের তারকা নেইমারের। ৩২ বছর বয়সে কোহলি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবেও পেয়েছেন ১০০ মিলিয়ন অনুসারী।
ক্রীড়াবিদদের মধ্যে কোহলি এখন চতুর্থ স্থানে। অর্থাৎ, তিন স্বনামধন্য ফুটবলার মেসি-রোনালদো-নেইমারের পরই তিনি হয়েছেন ১০০ মিলিয়ন অনুসারীর মালিক। তালিকায় সবার ওপরে পর্তুগিজ সুপারস্টার রোনালদো, তার অনুসারী ২৬৫ মিলিয়ন। আর্জেন্টাইন সুপারস্টার মেসির ভক্ত ১৮৬ মিলিয়ন। কোহলির ঠিক আগে যিনি, সেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের অনুসারী আছেন ১৪৭ মিলিয়ন।
