নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের সবুজ ঘাসের উইকেট বরাবরই পেস বান্ধব। এ কারণে তাদের মাঠে নতুন বলে পেসারদের মোকাবেলা করাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। তবে বল পুরনো হয়ে গেলে সেখানে ব্যাটিং করা খুব একটা কঠিন হবে না বলে মনে করেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
টাইগাররা নিউজিল্যান্ড সফরে অবস্থান করলেও দলে নেই সোহান। তবে নিয়মিতই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই নিউজিল্যান্ডেই ২০১৬ সালে ওয়ানডে অভিষেকের স্বাদ পেয়েছিলেন সোহান। তবে সুযোগ পেয়েও দলের জায়গা পাকা করতে পারেননি তিনি। এবার দলের সঙ্গে না গেলেও সফল হওয়ার মন্ত্র দিলেন তিনি।
সোহান বলেছেন,”নিউজিল্যান্ডের ওয়েদার ও কন্ডিশনে খেলাটা আসলেই কঠিন। নতুন বলটা যদি পার করতে পারি, মানিয়ে নিতে পারি, ধরেন প্রথম ১০ ওভারে একটির বেশি উইকেট না দিই, তাহলে ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যাবে। আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডেই হয়েছিল। পুরাতন বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়।”
বাংলাদেশ এবার পঞ্চমবারের মতো নিউজিল্যান্ড সফরে গিয়েছে, তবে এখন পর্যন্ত সীমিত ওভারে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সোহানের বিশ্বাস এবার বাংলাদেশ ভালো ফলাফল করবে।
তিনি বলেন,”এর আগে যতবার আমরা নিউজিল্যান্ড সফর করেছি। আমার কাছে মনে হয় এর চাইতে এবার ভালো ফলাফল হবে। সত্যিকার অর্থে ব্যাটসম্যানদের জন্য নতুন বলটা একটু কঠিন হয়ে থাকে। নতুন বলটা সামলে নিতে পারলে পুরাতন বলে ব্যাটিং করা সহজ হয়ে যায়।”
