নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ ম্যাচের উপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্য। ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ড জিতলেই কেবল টেস্ট ক্রিকেটের মর্যাদার এই ফাইনালে খেলতে পারবে অস্ট্রেলিয়া।
চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। শেষ টেস্টে ভারত অন্তত ড্র করলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চলে যাবে তারা। এমন অবস্থায় শেষ টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকেই সমর্থন দিচ্ছে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। লড়াইটা এখন শুধু ভারত ও অস্ট্রেলিয়ার।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেন,”কিছুটা নিজেদের স্বার্থের ব্যাপার আছে, তাই নয় কি? অনেক দিন পর প্রথমবার ইংল্যান্ডকে আমরা সমর্থন করব। আশা করছি, তারা সেখানে তাদের কাজটা ঠিকঠাক করতে পারবে।”
সিরিজের শেষ টেস্টেও এমন স্পিনিং উইকেটের সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া এই ম্যাচ আগ্রহ ভরে উপভোগ করবে বলে জানালেন ম্যাকডোনাল্ড।
তিনি বলেন,”এটা কঠিন হতে যাচ্ছে, নিঃসন্দেহে। তারা এমন পিচে খেলছে যা স্পিন বোলিংয়ের উপযুক্ত। ভারতের শক্তির দিক হলো তারা স্পিন ভালো খেলে। আশা করি, (ইংল্যান্ড) ভালো করবে, দেখা যাক কী হয়। এখন আমাদের হাতে তো কিছু নেই, কিন্তু আগ্রহ ভরে আমরা ম্যাচ দেখব।”
