নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত বছর জাতীয় লিগের ম্যাচে খেলার সময় মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে শাহাদাত হোসেন রাজীবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। উল্লেখ্য ছিল পাঁচ বছরের এই শাস্তির শেষ দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা, অর্থাৎ আর অপরাধে না জড়ালে তিন বছর পরেই ক্রিকেটে ফিরে আসার সুযোগ পাবেন শাহাদাত হোসেন। শাস্তির মেয়াদ ১ বছরের মাথায় ক্রিকেটে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর জন্য আবেদন করেছেন তিনি।
২০১৯ সালে জাতীয় লীগের শেষ রাউন্ডে ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে খেলার সময় বিতর্কে জড়ান শাহাদাত। অভিযোগে বলা হয়, বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রের ওপর। তারপর চড়-থাপ্পড় মারেন তিনি। যদিও পরবর্তীতে এই ঘটনার কথা অস্বীকার করেন শাহাদাত। তার ভাষ্য ছিল তিনি উত্তেজনার বসে ধাক্কা মেরেছিলেন আরাফাত সানিকে।
ম্যাচ রেফারি আখতার আহমেদ অভিযোগের সত্যতা নিশ্চিত করলে ৫ বছরের নিষেধাজ্ঞা (৩ বছর বরখাস্ত) পেয়েছিলেন শাহাদাত। যারমধ্যে কেবল ১ বছর ৪ মাস গিয়েছে। সেই সাথে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
শাহাদাত হোসেন এর মা ক্যান্সার আক্রান্ত। অসুস্থ মায়ের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন এই পেসার। যার কারনে তিনি আবার প্রতিযোগিতা ক্রিকেটে ফিরে আসতে চান। এরইমধ্যে বিসিবির কাছে শাস্তি কমানোর জন্য আবেদন করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি যেন আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেন সেইজন্যই বিসিবি কাছে এই আবেদন শাহাদাতের।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে শাহাদাত বলেন, ‘আমার শাস্তির মেয়াদ কমানোর জন্য বোর্ডের কাছে আবেদন করেছি। এখন বাকি সিদ্ধান্ত তাদের ওপরে নির্ভর করছে। আমার আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা খুবই দরকার। আমার মা ক্যান্সার আক্রান্ত এবং উনার চিকিৎসার ব্যয় বহন করার জন্য আমাকে ক্রিকেটে ফিরতে হবে।’
বাংলাদেশ টেস্ট দলের অন্যতম সেরা পেসার ছিলেন শাহাদাত হোসেন রাজীব। এই ডানহাতি পেসার একসময় বাংলাদেশ দলের অপরিহার্য অংশ ছিলেন। বাংলাদেশের হয়ে ৫১ টি ওয়ানডে ৩৮ টি টেস্ট এবং টি টোয়েন্টি খেলেছেন ৬ টি। বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট।টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসাবে হ্যাট্রিক করার কৃতিত্ব রয়েছে তার।
- নিউজক্রিকেট / রাসেল
