নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গোলাপি বলের টেস্টে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়নি একটুও। কারণ মাত্র দুইদিনে শেষ হয়েছে এ টেস্ট। স্পিনিং পিচ বানিয়ে ইংল্যান্ডকে প্যাকেট করে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত।
৫ দিনের টেস্ট মাত্র ২ দিনে শেষ হওয়ায় প্রশ্ন ওঠছে আহমেদাবাদের নতুন এই উইকেট নিয়ে। যদিও অনেকের ধারণা এরকম উইকেটে ব্যাটসম্যানদের ফুটওয়ার্কের ঘাটতি ছিল। মাইকেল ভনের পাশাপাশি উইকেট নিয়ে সমালোচনা করেছেন যুবরাজ সিংও।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন টুইটারে লিখেছেন,’‘আকর্ষণীয় ক্রিকেট…কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য এটা অত্যন্ত খারাপ একটা উইকেট। দ্বিতীয় দিনে ব্যাপারটা পুরো লটারি হয়ে গিয়েছিল।’’
ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার যুবরাজ লিখেছেন,’‘দুদিনে খেলা শেষ হয়ে গেল! জানি না, এটা টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন কি না। এই ধরনের উইকেটে যদি অনিল কুম্বলে আর হরভজন সিংহ বল করত, তা হলে ওদের কত উইকেট হতো? হাজার আর ৮০০? যাই হোক, অভিনন্দন অক্ষর। কী দারুণ স্পেল। অভিনন্দন অশ্বিন।’’
ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, ব্যাটসম্যানরা আরও বুঝে শুনে ব্যাটিং করতে পারতো। এ প্রসঙ্গে গাভাস্কার বলেন,’‘ব্যাটসম্যানরা বলের কাছে পৌঁছতে পারছে না। যদি অনেকটা পা বাড়িয়ে খেলা যায়, তা হলে বল প্যাডে লাগলেও আম্পায়াররা এলবিডব্লিউ দিতে দ্বিধা করবে। কিন্তু এখানে ব্যাটসম্যানরা সেটা করছে না।’’
ভারতের সাবেক এই ওপেনারের কথার সঙ্গে সুর মিলিয়েছেন গ্রায়েম সোয়ানও। ইংল্যান্ডের সাবেক এই অফস্পিনার বলেন,’‘স্পিনের বিপক্ষে সে রকম ব্যাটিং দক্ষতা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। মাইকেল ক্লার্ক বা মাইকেল হাসির মতো ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক অত্যন্ত ক্ষিপ্র ছিল। সামনের পায়ে খেললে স্পিনটাকে নির্বিষ করে দেওয়া যায়।’’
