নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে ইশ সোধিকে দলে নিতে কোন দলই আগ্রহ দেখায়নি। তবে খেলোয়াড় হিসেবে দল না পেলেও এবারের আসরে নতুন ভূমিকায় দেখা যাবে এই কিউই স্পিনারকে।
রাজস্থান রয়্যালসের প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন তিনি। মূলত দলটির যোগাযোগ কর্মকর্তা হিসেবে এবার দেখা যাবে তাঁকে। আর নতুন এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ সোধি নিজেই।
তিনি বলেছেন,”আমি গত বছরই ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম এবং তারা আমাকে মাঠের বাইরে কাজ শুরু করতে দারুণ সমর্থন যুগিয়েছেন। আমি কোচদের সহযোগীতা করতে চাই এবং আমার ক্রিকেট পরিচালনার দক্ষতার প্রয়োগ করতে চাই।”
এর আগে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট পদের দায়িত্ব পেয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা। এ ছাড়াও দলটির অপারেটিং অফিসার হিসেবে আছেন জ্যাক লুশ। তাদের সঙ্গেই এবার দলটির সঙ্গে কাজ করতে চলেছেন সোধি।
আইপিএলে ২০১৮ এবং ২০১৯ মৌসুমে রাজস্থানের হয়ে খেলেছেন এই কিউই ক্রিকেটার। মোট ৮টি ম্যাচ খেলে ৬.৬৯ ইকোনোমিতে ৯ উইকেট নিয়েছেন এই স্পিনার। নিউজিল্যান্ডের সীমিত ওভারের স্কোয়াডের নিয়মিত সদস্য তিনি।
