নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আরব আমিরাতে ক্রিকেট একাডেমি চালু করেছে রাজস্থান রয়্যালস। আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে এই একাডেমির যাত্রা শুরু করেছে তাঁরা। এই ক্রিকেট একাডেমির মাধ্যমে তরুণ ক্রিকেটারদের ক্রিকেটে ক্যারিয়ার গড়ার পথটা প্রশস্ত হবে মনে করেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা।
আধুনিক যুগের এই ক্রিকেটের সঙ্গে তরুণ ক্রিকেটাররা যেন নিজেদের মানিয়ে নিতে পারে সেজন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিবে রাজস্থান রয়্যালসের এই ক্রিকেট একাডেমি। বর্তমানে এই একাডেমি পরিচালনার দায়িত্বে আছেন সাবেক স্কটল্যান্ড অধিনায়ক এবং আরব আমিরাতের প্রধান কোচ ডগি ব্রাউন। মূলত তাঁর সঙ্গেই কাজ করছেন সাঙ্গাকারা।
সাঙ্গাকারা বলেন,”যখন আপনি একাডেমির কোচিং এবং অন্যান্য প্রস্তুতির কথা বলছেন, যা কিনা ক্রিকেটের সামগ্রিক উদ্দেশ্যকে প্রশস্ত করে। এটা কঠিন যে বিশেষ বিশেষ ফরম্যাটের জন্য আলাদা করে মনোযোগ এবং দক্ষতা তৈরি করা। তবে রাজস্থান রয়্যালসের যে একাডেমি আরব আমিরাতে রয়েছে, তা ঠিক এই কাজটিই করে। বিশেষ ফোকাস, বিশেষ অনুশীলনের পরিবেশ- যা কিনা তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াবে। এর মাধ্যমে তারা এই খেলায় সফল হবে- যা কিনা খুবই ভালো জিনিস। ক্রিকেটের সাধারণ বিষয়গুলো একই, কারিগরি দক্ষতাগুলোও একই। তবে অল্প বয়স থেকে এইসব তরুণ-তরুণীদের অনুশীলনের মধ্যে রাখার ফলে ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটের চাহিদা অনুযায়ী তারা নিজেদের মানিয়ে নিতে পারবে। একই সময়ে তারা ক্রিকেটের কৌশলগত বিষয়গুলোর উপর ভালো ভিত্তি পাবে।’’
