নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সোমবার অনুষ্ঠিত হয়েছে দ্যা হান্ড্রেড লিগের নিলাম। মঙ্গলবার সেই নিলামে দল পাওয়া ক্রিকেটার তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে জায়গা হয়নি বাংলাদেশের কোন ক্রিকেটারের।
সাকিব আল হাসান-তামিম ইকবাল ছাড়াও ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের আরও ৬ ক্রিকেটার। তাঁরা হলেন ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সাব্বির রহমান।
যেখানে কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি আবু হায়দার, সৌম্য ও তাসকিনের। ৪০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে উঠেছিলেন লিটন, ইমরুল ও সাব্বির। আর ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও তামিম।
গত বছরের মতো এবারও তাঁদের দলে নিতে আগ্রহ দেখায়নি এই টুর্নামেন্টটির কোন দল। সেবার ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার।
ড্রাফট থেকে এবার দল পেয়েছেন মোট ৩৫ জন ক্রিকেটার। সেখানে ২৮ জন স্থানীয় কোটায়, আর ৭ জন বিদেশি কোটায়। বিদেশি কোটার জন্য নাম দিয়েছিলেন ২৫২ জন । আগামী জুলাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে আলোচিত এই টুর্নামেন্ট।
