নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ইতিহাসে ২০ বছর পেরিয়ে গেলেও এখনও টেস্ট ক্রিকেটের আদর্শ সংস্কৃতি গড়ে তুলতে পারেনি বাংলাদেশ দল। মর্যাদার এই সংস্করণে ভালো করতে এমন একটা দল প্রয়োজন হয় যাদের চিন্তা-চেতনায় মিশে থাকবে সাদা পোশাকের ক্রিকেট।
টেস্টে উন্নতি করতে জাতীয় ক্রিকেট লিগ চালু করা হলেও প্রতিযোগিতার কোন চিন্হ নেই। সেখান থেকে উঠে আসে না নামকরা কোন ক্রিকেটার। টেস্টে ভালো করতে হলে বাংলাদেশের এমন সংস্কৃতির পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে ডমিঙ্গো বলেন,’‘এটা সুস্পষ্ট যে, টেস্টে আমাদের যেদিকে যাওয়া দরকার সেখান থেকে আমরা অনেক দুরে রয়েছি। আমাদের টেস্ট দলের সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমরা এটা নিশ্চিত করতে হবে যে আমাদের এমন একটা গ্রুপ থাকবে যারা টেস্ট খেলার জন্য আগ্রহী, দক্ষ এবং পাঁচদিন লড়াই করবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’’
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যা মেনে নিতে পারছেন না এ দেশের ক্রিকেট সমর্থক কিংবা বোর্ড কর্তারা। ক্যারিবীয়দের বিপক্ষে এমন হারের বাংলাদেশের টেস্টের অবস্থান পরিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন ডমিঙ্গো।
এই প্রধান কোচ বলেন,’‘আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার পর অনেকটা হতাশা কাজ করছে। এটা সবার জন্যই একটা সংকেত যে টেস্টে আমরা কতটা পিছিয়ে আছি। ছেলেরা বলবে আমরা আগে জিতেছি কিন্তু তারা একটা দুইটা জিতেছে। তারা এখন পর্যন্ত বড় কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি।’’
টেস্ট খেলা যে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাট সেটা শুধু কোচদের বুঝলেই হবে না সঙ্গে ক্রিকেটারদেরও বুঝতে হবে বলে মন্তব্য করছেন তিনি।
ডমিঙ্গো বলেন,’‘টেস্ট ফরম্যাট নিয়ে অনেক কাজ করার রয়েছে। আমাদের টেস্ট ক্রিকেটে উন্নতি করতে আমি একজন কোচ এবং পরিচালক হিসেবে দারুণ চ্যালেঞ্জ দেখছি। আমার কাছে একটা এক নম্বর ফরম্যাট। তবে এটি খেলোয়াড়দের বোঝা সবচেয়ে বড় বিষয়। উপলব্ধি দিয়ে ক্রিকেটারদের টেস্ট মুখী করাটা চ্যালেঞ্জ।’’
