‘৩৬’ কোন দুঃস্বপ্ন নয়, অভিজ্ঞতা: কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের তৃতীয় টেস্টে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়, গোলাপি বলে। দিবা-রাত্রির এই টেস্টে দুই দলের কারোরই তেমন অভিজ্ঞতা নেই। এখন পর্যন্ত ইংল্যান্ড তিনটি দিবারাত্রির টেস্ট খেলেছে, ভারত খেলেছে মাত্র দুটি। দুই দলেরই রয়েছে গোলাপি বলের টেস্ট ম্যাচে তিক্ত অভিজ্ঞতা।

অকল্যান্ডে নিজেদের সবশেষ দিবা-রাত্রির টেস্টে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে ভারতকে লজ্জায় ফেলেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে ভারতের খেলা সর্বশেষ গোলাপি বলের টেস্টে বিরাট কোহলির দলকে ৩৬ রানে অলআউট করেছিল অজিরা।

তবে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার ব্যাপারটি কোন দুঃস্বপ্ন নয়, বরং একটি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আহমেদাবাদে খেলতে নামতে চান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

কোহলি বলেন,”দুটো অভিজ্ঞতাই অদ্ভুত দুই দলের জন্যে। যদি আপনি ইংল্যান্ডকে জিজ্ঞাসা করেন যে, তাঁরা আবার ৫০ রানে অলআউট হবে কিনা? তাঁদের উত্তর হবে, না। কারণ আপনি বুঝতে পারবেন যে, নির্দিষ্ট দিনে জিনিসগুলি একটি নির্দিষ্ট উপায়ে ঘটে। তখন আপনি যত কিছুই করুন না কেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিছুই পক্ষে হবে না। অ্যাডিলেডে ঠিক তেমন কিছুর সম্মুখীন হয়েছিলাম আমরা।”

ভারত অধিনায়ক এ প্রসঙ্গে আরো বলেন,”৪৫ মিনিটের সেই বাজে ক্রিকেটকে বাদ দিলে, সেই টেস্টেও আমরা প্রভাব বিস্তার করেছিলাম। গোলাপি বলে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। অস্ট্রেলিয়াও যদিও বা পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে, তবুও অজি বোলারদের আমরা চাপে রেখেছি। খেলাটাকে আমরা বেশ ভালোই বুঝেছিলাম।”

দলের এই বাজে অভিজ্ঞতাকে অবশ্য ভালোভাবেই মেনে নিচ্ছেন কোহলি। তিনি বলেন,”বাইরে থেকে বোঝার উপায় নেই যে ঐ মুহুর্তগুলোতে ড্রেসিং রুমে কি ঘটে। কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে কি ভুল করেছেন এবং সেই ভুলকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান। ঠিক সেই কাজটাই মেলবোর্নে করে দেখিয়েছে ভারত। এগুলো দুঃস্বপ্ন নয় অভিজ্ঞতা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »