নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বয়স ৫০, অথচ পারফরম্যান্স দেখলে মনে হয় এখনো অবসর যাননি মোহাম্মদ রফিক। জাতীয় দলের সাবেক এই স্পিনার সম্প্রতি সাবেকদের টুর্নামেন্ট লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। কক্সবাজারে গিয়েও সিক্ত হয়েছেন ভক্তদের ভালোবাসায়।
৭০ বলের এই টুর্নামেন্টে ফাইনালে ম্যাচে রফিক একাই শিকার করেন ৫টি উইকেট। সংক্ষিপ্ত এই ফরম্যাটে এমন ক্ষুরধার বোলিং নজিরবিহীনই বলা চলে। রফিক জানালেন, কোনোরকম প্রস্তুতি ছাড়াই কীভাবে ধরে রেখেছেন নিজের ফিটনেস ও ফর্ম।
তার ভাষায়,”অনেক জায়গায় এ ধরণের টুর্নামেন্ট খেলছি, প্রচুর ফ্রাই ডে ক্রিকেটও খেলি। এ বছরও করোনার মাঝ থেকে করোনার পর মিলিয়ে ৫টি টুর্নামেন্ট খেলেছি। আমরা তো ওরকম কাজ করি না। দেখা যায় আসি, হাত ঘুরাই, খেলি, মজা করি। এটা মানসিকতার ব্যাপার। আমার যে বয়স আমি কিন্তু এই বয়সে একজন বাচ্চার সাথে আমি পারবো না। আমার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতাটা ব্যবহার করি।’’
পারফরম্যান্স দেখলে যে কেউই ভাববেন, হয়ত এখনো ক্রিকেট নিয়ে প্রচুর সময় কাটায় আমি। আসলে সেটা না, এ বিষয়ে রফিক বলেন,’‘বাসায় ফিরে কিন্তু ব্যাট বল আর ধরেও দেখিনা। সত্যি কথা বলতে কি আমি যখন মাথে নামি তখন মানসিকভাবে প্রস্তুত থাকি যে আমি একজন প্রফেশনাল ক্রিকেটার। আমি কখনো চিন্তা করিনা যে আমার বয়স হয়ে গেছে, ওর সাথে আমি পারবোনা। তবে তার সাথে কিভাবে প্রতিদ্বদ্বিতা করা যায় সেই মানসিকতা আমার থাকে। ওটাই দেখা যায় কাজে দিচ্ছে।”
