আবারো শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরলেন টম মুডি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ ২০০৭ সালে শ্রীলঙ্কা দলের হয়ে কাজ করেছেন টম মুডি। তবে আবারো ক্রিকেট পরিচালক হিসেবে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। এক বছরে ১৮০ দিন কাজ করবেন এমন চুক্তিতেই দেশটির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেট পরিচালক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের আওতায় থাকবেন কোচিং স্টাফ, ঘরোয়া টুর্নামেন্ট, উদীয়মান দল, বয়স ভিত্তিক দল, এবং ক্রিকেটারদের নূন্যতম ফিটনেস ইস্যু। এছাড়া প্রধান কোচ মিকি আর্থার এবং হেড অফ কোচিং জেরমি জয়ারত্নেও মুডির আওতাধীন থাকবেন।

শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং করানো নিয়ে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না তাঁকে। কারণ লঙ্কানদের সঙ্গে ১৮০ দিনের চুক্তিতে কাজ করবেন অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার। এর ফলে আইপিএলেও কোচিং করাতে বাধা থাকছে না তাঁর। বর্তমানে তিনি সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত আছেন।

এ ছাড়া মুডি কোচের দায়িত্ব পালন করা অবস্থায় ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো দলগুলোকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা। এমনকি ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশও করেছিল তাঁরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »