নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে শাহরুখ খানকে চড়া দামে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। নামটা শুনে আঁতকে উঠার কিছু নেই তিনি বলিউডের নায়ক নন বরং তিনি তামিলনাড়ুর ক্রিকেটার। চড়া মূল্যে প্রীতির দলে সুযোগ পাওয়ার পর এই তরুন জানিয়েছেন, ক্রিস গেইলের সঙ্গে দেখা করতে সর সইছে না তার।
২৫ বছর বয়সী শাহরুখ মিডল অর্ডার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি একজন অফ স্পিনারও। নিলামে ২০ লক্ষ রুপি ভিত্তমূল্যে থাকা এই ক্রিকেটারকে দলে নিতে পাঞ্জাব খরচ করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। আইপিএলে দল পাওয়ার ব্যাপারে বিশ্বাস ছিল তাঁর। কিন্তু টাকার অঙ্ক দেখে চমকে গেছেন তিনি নিজেও।
শাহরুখ বলেন,”জানতাম আমাকে কোনো দল নেবে। কিন্তু এতটা আশা করিনি। নিলামের সময় অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলাম। পাঞ্জাব আমাকে নেওয়ার পর আমার সব সতীর্থ উল্লাসে ফেটে পড়ে। অবিশ্বাস্য অনুভূতি সেটি। পাঞ্জাব দলের কাছে আমি কৃতজ্ঞ।”
শাহরুখ পাঞ্জাবে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন লোকেশ রাহুল, ক্রিস গেইল, দাভিদ মালান, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, ক্রিস জর্ডানদের। তবে শাহরুখ রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গেইলের সঙ্গে সাক্ষাতের জন্য।
শাহরুখ আরও বলেন,”লোকেশ রাহুলের সঙ্গে আমার পরিচয় আছে, কয়েকবার দেখা হয়েছে। কিন্তু আমি বেশি রোমাঞ্চিত ক্রিস গেইলের সঙ্গে দেখা করতে। এত জোরে বল মারেন তিনি! খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। রাহুল-গেইলের মতো সিনিয়রদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারা হবে আমার জন্য বড় সৌভাগ্যের। আমার ওপর আস্থা রাখায় পাঞ্জাব দলের প্রতি কৃতজ্ঞ আমি।”
