নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েকবছর ধরেই ক্রিকেটারদের নিয়ে কাজ করে চলেছে ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। খেলোয়াড়দের সকল প্রকার সমস্যা সমাধানে এগিয়ে আসে ক্রিকেটারদের উন্নয়নে গঠিত এই সংগঠনটি। এবার তাদের দিকেই হাত বাড়িয়ে দিয়েছে এইস।
কক্সবাজারের লিজেন্ড টুর্নামেন্ট থেকে অর্জিত লভ্যাংশের ৫ লাখ টাকা খরচ করা হবে দুস্থ ক্রিকেটারদের স্বার্থে।
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) কোয়াবের সভাপতি, বিসিবি পরিচালক ও বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন টুর্নামেন্টের আয়োজক এইস’র প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক ও ক্রিকবলের সহ-প্রতিষ্ঠাতা বাকি বিল্লাহ হিমেল। কোয়াব এই অর্থ ব্যয় করবে দুস্থ ক্রিকেটারদের জন্য।
এ সময় দুর্জয় বলেন,’‘আমরা আসলে একটা ফান্ড জেনারেট করে রাখি সবসময়। যখনই প্রয়োজন হয়, দুস্থ ক্রিকেটার যারা আছে বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে…আমরা গত করোনার সময়ও একটা প্রোগ্রাম করেছি। যখনই আমরা প্রয়োজন মনে করি দুস্থ ক্রিকেটারদের সাহায্য করা। আমরা যদি পাশে দাঁড়াতে পারি সেই আর্থিক সক্ষমতাটা যদি থাকে আরও বেশি ও আরও ভালো করে করা যায়। এবার কোয়াব, ক্রিকবল, এইস ও টি-স্পোর্টস একটা চুক্তিতে এসেছি। এবারের টুর্নামেন্টটাও আয়োজন করেছি একসাথে। এখন থেকে প্রতি বছর এটা চালিয়ে যাব। এখান থেকে যে ফান্ড জেনারেট হবে আমরা আমাদের (কোয়াবের) যে খরচ আছে সেখানে খরচ করব।’’
