সাকিবদের পক্ষেই ব্যাট করলেন বেয়ারস্টো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের নিলাম শেষ হওয়ার পর থেকেই আলোচনা চলতেই আছে। অনেক ক্রিকেটারই দেশের খেলার চেয়ে আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন। আইপিএল চলাকালীন দেশের খেলা থাকলেও ক্রিকেটাররা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বেছে নিয়েছেন।

তারি ধারাবাহিকতায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরাও আইপিএলে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না। তবে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা জানিয়েছেন, আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

এবার এই প্রসঙ্গে সাকিবদের হয়েই ব্যাট ধরলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, যারা আইপিএল খেলতে চান তাদের খেলতে দেয়া উচিত।

তিনি বলেছেন,”যারা আইপিএল খেলতে চায়, তাদের আপনি আটকাতে পারেন না। দেখুন, এটা ক্রিকেটেরই অংশ। আপনার এমন খেলোয়াড়ও থাকবে, যাদের টেস্ট খেলার চুক্তি আছে (লাল বলের চুক্তি), আবার কারও কারও ওয়ানডে খেলার চুক্তি আছে জাতীয় দলের সঙ্গে। আমার মনে হয় যাদের সঙ্গে বোর্ডের সাদা বলের চুক্তি আছে, তারা আইপিএল খেলতে চাইবে, আর আপনি তাদের আটকাতে পারবেন না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »