নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরনো ঠিকানায় ফিরে গিয়েছেন সাকিব আল হাসান। ২০১১ সালের পর আবারও তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। গেল বৃহস্পতিবার আইপিএলের ১৪তম আসরের নিলামে এই অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে দলে নিয়েছে কলকাতা। আর এটাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন কলকাতার প্রধান নির্বাহী ভেনকি মাইশোর।
সাকিবে দলে আনতে সমানে সমান কলকাতাকে লড়তে হয়েছিল পাঞ্জাব কিংসের সঙ্গে। পাঞ্জাবের সঙ্গে বেশ কয়েকবার ডাকাডাকির পর অবশেষে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দলে নেয় কলকাতার ফ্রাঞ্চাইজি। ২০১২ এবং ২০১৪ সালে দলটির আইপিএল ট্রফি জিততে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সাকিবকে দলে নেয়ার প্রসঙ্গে মাইশোর বলেন,”সাকিবের সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে যে সে কি মানের ক্রিকেটার। সে যখন কলকাতায় ছিল তার সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো ছিল। দলের হয়ে সবসময়ই পারফর্ম করেছে। সে আমাদের তিন বিদেশি ক্রিকেটারকেও পারফর্ম করার প্ল্যাটফর্ম দিবে। মরগান আছে যে কিনা ব্যাটসম্যান। নারিন আর রাসেল তো ব্যাট-বল দুইটাতেই পারফর্ম করে। আর সাকিব বাঁহাতি স্পিনে দলে ভারসাম্য নিয়ে আসে। এমনকি সে ব্যাটিংও করে। আমরা নিলামে এমন কাওকেই খুঁজছিলাম। আর সাকিবকে পাওয়া দলের জন্য বড় প্রাপ্তি। সে অনেক অভিজ্ঞ। সঙ্গে হরভজন সিংও আছে যে দলকে ভালো সার্ভিস দিবে।”
