নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে বাজে পারফর্ম করার পর থেকেই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। গত আসরে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরেও চলতি আসরে ম্যাক্সওয়েল আবারও চড়া মূল্যে বিক্রি হয়েছেন।
গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের (পাঞ্জাব কিংস) পক্ষে খেলেছিলেন ম্যাক্সওয়েল। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে এই অজি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল প্রীতি জিনতার দল। গত আসরে তার ব্যাট থেকে একটি ছক্কাও আসে নি।
এরপরই ম্যাক্সওয়েলকে কোটি রুপির চিয়ারলিডার বলেও অ্যাখা দিয়েছিলেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।
ম্যাক্সওয়েলও সেসব কথার কিছু জবাব দিয়েছিলেন।আইপিএল শেষেই অস্ট্রেলিয়ার পক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সেখানেও খোঁচা দিয়েছিলেন শেবাগ।
ম্যাক্সওয়েলের ১৪ কোটি ২৫ লাখ রুপি দাম ওঠার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেবাগ একটি ভিডিও দিয়ে হাস্যরসাত্মকভাবে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের আইপিএলে আকাশছোঁয়া দাম ওঠার সমালোচনা করেন। নিলাম শেষে মরিস, জেমিসন, রিচার্ডসন, গৌতম ও মেরেডিথের মূল্য নিয়েও সমালোচনা করে হাস্যরসাত্মক পোস্ট দিয়েছেন তিনি।
