নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশী দুই তারকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের সময় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে তাঁরা খেলবেন কি খেলবেন এ নিয়ে ছিল শঙ্কা। তবে সাকিব ছুটি চেয়েছিলেন, পেয়েছেন ছুটিও।
আইপিএলে দল পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজ অবশ্য এখনও বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা কিছু জানাননি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মুস্তাফিজ চাইলে তাঁকেও ছুটি দেয়া হবে। এখন থেকে কোনো ক্রিকেটারকেই জোর করে খেলানো হবে না।
এ প্রসঙ্গে আকরাম বলেন,”মুস্তাফিজ ছুটি চাইলে অবশ্যই তাঁকে দেয়া হবে। সে যেহেতু বাংলাদেশ দলের খেলোয়াড়, যেহেতু সাকিব পেয়েছে সেও পাবে। সে (সাকিব) আপাতত আমাদের চিঠি দিয়েছে টেস্টের ব্যাপারে। সেটা নিয়েই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।”
এছাড়া সাকিবের ছুটি মঞ্জুর প্রসঙ্গে আকরাম বলেন,”দুইদিন আগে সাকিব আমাদের একটি চিঠি দিয়েছে উল্লেখ্য করেছে যে সে আইপিএল খেলতে আগ্রহী। তাঁকে যেন আইপিএলে খেলতে দেয়া হয়। ওইসময় টেস্ট থাকবে। চিঠিটা দিয়েছে, আমরা বোর্ডে সিদ্ধান্ত নিলাম আমরা ছুটি দেব। কাউকে তো জোর করে খেলানো যায় না।”
