মঈনের কাছে ক্ষমা চেয়েছেন রুট

ডেস্ক রিপোর্ট »

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ পারফরম্যান্স করার পর শেষ ‍দুই ম্যাচের জন্য টেস্ট দলে নেই অলরাউন্ডার মঈন আলী। সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক জো রুট জানিয়েছিলেন, পরিবারকে সময় দিতেই ইংল্যান্ডে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। তবে নিজের করা এমন মন্তব্যের পর মঈনের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন রুট।

 

মূলত পরিবারকে সময় দিতে নয়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ‘রোটেশন পলিসির’ কারণেই দেশে ফেরত যাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। মঈনের দল ছাড়া প্রসঙ্গে ইংল্যান্ড দলের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে মঈনের শেষ দুই টেস্টে দলে না থাকা প্রসঙ্গে রুট বলেছিলেন,”এটা মঈনের সিদ্ধান্ত ছিল এবং দলের যেকোন খেলোয়াড় যেকোন সময়ে তাঁদের নিজস্ব সিদ্ধান্তে দলের জৈব সুরক্ষা বলয় ভেঙে বের হতে পারে। রুটের এই মন্তব্যের পর কড়া সমালোচনার শিকার হন ইংলিশ অলরাউন্ডার। দলের বিপদের সময়ে দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্তকে কেউই ভালভাবে নেয়নি।”

 

অবশ্য রুট নিজের ভুল বুঝতে পেরে দেশে ফেরার সিদ্ধান্ত যে মঈনের নয়, বরং টিম ম্যানেজমেন্টের এই কথা জানার পরেই মঈনের সঙ্গে দেখা করে ক্ষমা চান তিনি। রুট জানান যে,”মঈনের দল ছাড়া এবং দলের প্রতি তাঁর অবদানের ব্যাপারে মিডিয়াকে পরিষ্কারভাবে বোঝাতে সক্ষম হননি। এছাড়া দলের রোটেশন পদ্ধতির প্রতিও তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান রুট।”

 

লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলোয়াড়রা যেন হাঁপিয়ে না ওঠে এজন্যই ‘রোটেশন পলিসি’ মেনে চলছে ইসিবি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময় পরপর কিছু খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দেওয়া হবে। শুধু মঈন নয়, এমন পরিকল্পনার অংশ হিসেবে দেখা গেছে বেন স্টোকস, জস বাটলার, জোফরা আর্চারদের মতো ক্রিকেটারদেরও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »