ডেস্ক রিপোর্ট »
ফুটবলে যেমন ব্রাজিল- আর্জেটিনা মানেই অন্যরকম এক খেলা তেমনি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। তবে এবার চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের জয় কামনা করছেন পেসার জশ হ্যাজেলউড। কারণ চলমান এই সিরিজের ফলাফলই নির্ধারণ করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়া খেলতে পারবে কিনা।
ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী হওয়ার লড়াইয়ে টিকে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত। করোনার কারণে অস্ট্রেলিয়ার-দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে যাওয়ায় ভারত-ইংল্যান্ড টেস্টের ফলাফল নির্ধারণ করবে কে ফাইনাল খেলবে। তৃতীয় টেস্টে তাই ইংলিশদের প্রতি সমর্থন রাখবেন অজি এই পেসার।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেন,’‘যদিও সাধারণত আমি এই ধরনের ম্যাচ (ভারত-ইংল্যান্ড টেস্ট) দেখি না, তবে চলতি সিরিজটা ব্যতিক্রম। আমরা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দিকে চোখ রাখছি এবং আশা করছি যে ইংল্যান্ড আমাদের জন্য ভালো কিছু করে দেবে। যদিও ইংল্যন্ডকে সমর্থন করাটা অদ্ভুত এক অনুভূতি। তবুও সদ্য ভারতের কাছে হারার কারণে ইংল্যান্ডকে সমর্থন দেওয়াটা খারাপ কিছু না।’’
দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় তুলে নেওয়া ভারতেরও অবশ্য রয়েছে ফাইনাল খেলার সুযোগ। ৬৯.৭ শতাংশ জয় নিয়ে টেবিলের দুইয়ে এখন ভারত। এই অবস্থান ধরে ফাইনাল খেলতে হলে অবশ্য বাকি দুই টেস্টের একটিতেও হারতে পারবে না বিরাট কোহলিরা। ২-১ অথবা ৩-১ এ জিতলেই কেবল ফাইনালে সুযোগ পাবে ভারত।
