ডেস্ক রিপোর্ট »
টেস্ট ক্রিকেটে দলের অপরিহার্য একজন সদস্য রবিচন্দ্রন অশ্বিন। তবে রঙিন পোশাকে মলিন তার পারফরমেন্স। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে সর্বশেষ ২০১৭ সালের পর এই ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তবুও ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে চান এই অলরাউন্ডার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সময় পার করছেন অশ্বিন। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। তাঁর এমন পারফরম্যান্সে সিরিজে সমতায় ফিরেছে ভারত। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে সুযোগ নেই তবুও বিশ্বকাপ খেলতে চান ভারতীয় এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে অশ্বিন বলেন,’‘আমার কাছে এটা স্বপ্ন নয়, ঘোর বাস্তব। যে পরিস্থিতিতে রয়েছি সেখানে নিজের প্রতিদিন কাজ উপভোগ করছি। এটা একটা প্রক্রিয়া যেটা নিজেকেই নিয়ন্ত্রণ করতে হয়। এটাই আপনাকে রোজ তাড়িয়ে বেড়ায়।’’
জাতীয় দলে না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তিনি। যেখানে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখছেন তিনি। এটি নিয়মিতই চালিয়ে যেতে চান অশ্বিন। সেই সঙ্গে দলের প্রয়োজনে যদি স্কোয়াডে নেয়া হয় তাহলে নিজের সেরাটা দিতে চান তিনি।
এ প্রসঙ্গে অশ্বিনের ভাষ্য,’‘অনেক ক্রিকেটারই বিভিন্ন ফরম্যাটে ভারতের হয়ে ভাল খেলছে। জাতীয় দল থেকে তিন বছর বাইরে থাকলেও প্রতি বার আইপিএলে অবদান রাখার চেষ্টা করেছি। যদি দলের মনে হয় আমাকে দরকার, তাহলে নিজের সেরাটাই দেব।’’
