নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে বিরাট কোহলির দল। আর এই জয়ে অধিনায়ক হিসেবে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।
নিজেদের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক এখন কোহলি। ভারতের মাটিতে ২৮ ম্যাচে দলেকে নেতৃত্ব দিয়ে ২১ ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। অবশ্য সাদা পোশাকের নেতৃত্বে ধোনির জয়ের সংখ্যাও ২১ টি। তবে কোহলির থেকে দুই ম্যাচ বেশি খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শতকরা হিসেবে কোহলির সফলতার হার যেখানে ৭৭ দশমিক ৮ শতাংশ, ধোনির সফলতার হার ৭০ শতাংশ। এছাড়া ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে তৃতীয় সফল অধিনায়ক হচ্ছেন মোহাম্মদ আজহারউদ্দীন। সাবেক ভারতীয় এই অধিনায়ক জয় পেয়েছেন ১৩ ম্যাচে। এছাড়া সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারত জয় পায় ১০ ম্যাচে।
এমন জয়ের পর অবশ্য কোহলি কৃতিত্ব দিয়েছেন চেন্নাইয়ের দর্শকদের। প্রথম টেস্টে দর্শক না থাকলেও দ্বিতীয় ম্যাচে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। মাঠে আসা দর্শকদের সমর্থন, উৎসাহের কারণেই তাই জয়টা এত সহজ হয়েছে বলে মন্তব্য করেন ভারতীয় তারকা ক্রিকেটার।
কোহলি বলেন,”ঘরের মাঠে দর্শকশূন্য মাঠে খেলাটা অদ্ভুত। দ্বিতীয় ম্যাচে আমরা বাড়তি উদ্দীপনা পেয়েছি মাঠে আসা দর্শকদের কাছ থেকে। প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্টের মাঝে এক বিরাট পার্থক্য গড়ে দিয়েছে এই দর্শকরাই। এখানকার (চেন্নাইয়ের) দর্শকরা ক্রিকেটটা খুবই ভালভাবে জানে।’’
