অবসরে গেলেন নেদারল্যান্ড ক্রিকেটের নায়ক বারেসি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দলকে জিতিয়ে কখনো কখনো হয়েছেন নেদারল্যান্ড দলের নায়ক। তবে বাংলাদেশের সাথে এক ম্যাচের জন্য তিনি ছিলেন খলনায়ক। নিজ দেশের হয়ে নায়ক বনে যাওয়া আর প্রতিপক্ষের কাছে খলনায়ক হয়ে নেদারল্যান্ডকে জিতিয়েছেন ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মত দলের বিপক্ষে। সেই ওয়েসলি বারেসি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন বারেসি নিজেই। এক টুইট বার্তায় তিনি বলেন,’‘তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ, দেশের হয়ে এতদিন খেলা, দারুণ সব অর্জনের সাক্ষী হওয়া এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ১৮ বছর ধরে ক্রিকেট খেলে যাওয়া- আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ও সম্মান।’’

সহযোগী দেশের ক্রিকেটার হিসেবে বারেসির পথ চলাটা খুব একটা সহজ ছিল না। এ সময়ে তাঁর দলকেও অনেক দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেদিকে ইঙ্গিত করে বারেসির আবেগঘন বার্তা,’‘একজন ক্রিকেটারের ত্যাগ, নিবেদন আর আত্ম-প্রেরণার গল্প ক্রিকেট বিশ্ব জানে না। সেইসব স্মরণীয় স্মৃতির দিকে ফিরে তাকাই এবং অনুধাবন করি, সব আমাদের নিজেদেরই করতে হয়েছে। বিদায়ের সিদ্ধান্ত কঠিন, মেনে নেওয়াও কঠিন, তবে এই সিদ্ধান্তেই খুঁজে পেয়েছি স্বস্তি।’’

এর আগে ২০১০ সালে নেদারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বারেসির। সেই বছরই বাংলাদেশকে হারের স্বাদ দেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে ৩২টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন বারেসি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »