নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই হেরে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের উপর ক্ষিপ্ত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এই পরাজয়ের কারণেই দলের সব ভুলত্রুটি চোখে পড়ছে যা পরবর্তী সময়ের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।
ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর কোচিং স্টাফ থেকে শুরু করে অধিনায়কত্বের মতো একাধিক জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি। একইসাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে টেস্টের জন্য ভিন্ন দল গঠনের আহ্বান তার কণ্ঠে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন,’‘একটা কথা বলি। হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের কষ্ট হয়, আমারও কষ্ট লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন। আমার মূল্যায়ন- কালকে ছিল রাগের কথা। কিন্তু আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। কিছু একটা সমস্যা হয়েছে। এর একটা হল ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখেছিলাম।’’
পরাজয়ের ও একটি ভালো দিক দেখছেন পাপন। সে বিষয়ে তিনি বলতে,”আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে। জিতে গেলে সব ভুলে যেতাম। আর কিছু হত না। সামনে মাইন্ডসেট ও কাজে পরিবর্তনের একটা সুযোগ হল। সেদিক থেকে আমি একদিক দিয়ে খুশি।’’
টেস্ট দল নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা ও এর প্রতিফলন চান পাপন। তিনি বলেন,’‘এখনকার পরিকল্পনা দীর্ঘমেয়াদী হতে হবে। সংক্ষিপ্ত সময়ের একটা পরিকল্পনায় আমি জিতে যেতে পারি। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভাবতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মত দলের আলাদা সেটআপ থাকলে বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা দল তৈরি করতে হবে।’’
