হরভজনকে অশ্বিনের ‘সরি’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজে যখন ক্যারিয়ার শুরু করেন তখন একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিনই কিনা এখন দেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। চলতি ইংল্যান্ড সিরিজে হরভজন সিংকে পিছনে ফেলেছেন তিনি।

হরভজন তাঁর ক্যারিয়ারজুড়ে উইকেট নিয়েছেন ৪১৭টি, তারমধ্যে ঘরের মাঠে নিয়েছেন ২৬৫ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ৫ উইকেট শিকার করে ঘরের মাঠে অশ্বিনের উইকেট সংখ্যা বর্তমানে ২৬৮। হরভজনের থেকে ১০ টেস্ট কম খেলেই এই কৃতিত্ব অর্জন করলেন ৩৫ বছর বয়সী এই স্পিনার।

ছোটবেলার আইডল হরভজনকে ছাড়িয়ে তাই বেশ উচ্ছ্বসিত অশ্বিন। এমনকি হরভজনকে সরিও বলেছেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে অশ্বিন বলেন,”শেষ ২০০১ সালের অস্ট্রেলিয়া সিরিজে ভাজু পা (হরভজন) খেলছিলেন। তখন আমার কল্পনায়ও ছিল না যে অফ স্পিনার হিসেবে দেশের জন্য খেলব। রাজ্য দলের হয়ে তখনও আমি একজন ব্যাটসম্যান, ব্যাটিংয়েই ক্যারিয়ার গড়া ও দেশের হয়ে খেলার চেষ্টা করছিলাম। ভারতের হয়ে কোনোদিন খেলতে পারব কিনা, জানতাম না।”

তিনি আরো বলেন,”ওই বয়সের, ওই প্রজন্মের অনেক সতীর্থ আমাকে নিয়ে মজা করত। কারণ আমি ভাজু পা-এর মতো অ্যাকশনে বোলিং করতাম, তার মতো বোলিং ও সবকিছু করার চেষ্টা করতাম। সেখান থেকে উঠে এসে আজকে তার রেকর্ড ছাড়িয়ে যাওয়া, এটি অসাধারণ। রেকর্ডটি আমার জানা ছিল না। এখন জেনে দারুণ লাগছে। সরি ভাজু পা!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »