নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কুঁচকিতে চোটে পড়ে শেষ টেস্টে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। এর আগে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলার সময় চোটে পড়েছিলেন তিনি, তারপর সেই চোট থেকে সেরে ওঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথম ইনিংসে বোলিং করার সময় নতুন করে আবার উরুতে চোট পানন যে কারণে সিরিজ থেকে ছিটকে যান এই অলরাউন্ডার।
সাকিব না থাকায় স্কোয়াডের বাইরে থেকে অন্তর্ভুক্ত করা হয় সৌম্য সরকারকে। এতো চেষ্টা বা পরিকল্পনা করেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি হার থেকে। শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের দল। এমন ফলের পর সাকিব মন্তব্য করলেন, সতীর্থদের এমন হার কাম্য নয়!
এনজিও ফ্রেন্ডশিপ আজ সোমবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ এই ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সেখানেই তিনি মুমিনুলদের হার নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন,’‘আজকে ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছে…। হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’’
সাকিবের চোখে উন্নতির ছাপ থাকলেও গতকাল মুমিনুল বলেছিলেন, টেস্ট ক্রিকেটের দুই যুগ পেরিয়ে গেলেও সত্যিকার অর্থে কোনও উন্নতি হয়নি, ‘আসলেই ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনও উন্নতিই হয়নি। আর উন্নতির শেষ নেই। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারবো। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উন্নতির সুযোগ থাকে। যতদিন খেলবো, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো, ততদিন উন্নতি করতে হবে।’’
