নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা টেস্টের চতুর্থ দিন ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১৩ রানেই অলআউট হয়েছে মুমিনুল হকের দল। ফলে পরাজয়ের পাশাপাশি সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে টাইগারদের।
২৩০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারও দারুণ শুরু করেছিলেন। দুজনে মিলে গড়েছিলেন ৫৯ রানের জুটি।
এরপর ক্যারিবীয় স্পিনারদের সামনে বালুচরের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে টাইগারদের ব্যাটিং অর্ডার। দেশের হাজার হাজার সমর্থকদের মতো মুমিনুলও ওপেনারদের খেলা দেখে ভেবেছিলেন খুব সহজেই জিতে যাবে বাংলাদেশ। অথচ ১৭ রানের আক্ষেপ নিয়ে সিরিজ খোঁয়াতে হলো তাদের।
ম্যাচ শেষে মুমিনুল বলেন,”আপনি যখন হেরে যাবেন এটি হতাশাজনক। ব্যাট এবং বল হাতে মিরাজ বেশ ইতিবাচক ছিল। তাইজুল সত্যিই দুর্দান্ত বোলিং করেছেন। তামিম এবং মুশফিক ভাই হাফ সেঞ্চুরি পেয়েছেন। ওপেনাররা যখন ব্যাটিং করছিল তখন ভেবেছিলাম আমরা লক্ষ্য তাড়া করতে পারব। তবে মিডল অর্ডার খারাপভাবে ভেঙে পড়েছে।”
দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টের পেয়েছে বাংলাদেশ। ফলে অধিনায়ক হিসেবে দলের ভারসাম্য বজায় রাখা কঠিন ছিল বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”মিরাজ অনেক চেষ্টা করেছিল কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সাকিব ভাই একের মধ্যে দুইয়ের মতো ক্রিকেটার। সুতরাং আমরা যখন তাকে হারিয়েছি, তখন অধিনায়ক হিসেবে দলের ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন ছিল।”
