নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ১৭ রানে হারার সাথে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এই ম্যাচেও বল হাতে দারুণ অবদান রেখেছেন স্পিনার রাকিম কর্নওয়াল। শুরুর দিকে ভালো করতে না পারলেও ধৈর্য ধরা, ধারাবাহিকতা বজায় রাখার সঙ্গে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করেই সফল বলে জানিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।
দুই টেস্ট মিলিয়ে নিজের ঝুলিতে নিয়েছেন ১৪ উইকেট। যা এই সিরিজের সর্বোচ্চ। সেই সঙ্গে ঢাকা টেস্টে এমন সাফল্যের জন্য ধৈর্য, ধারাবাহিকভাবে একই জায়গায় বল করা এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করার পরিকল্পনাকেই মন্ত্র মানছেন।
ম্যাচ শেষে কর্নওয়াল বলেন,’‘আমি মনে করি এটি ভালো একটি পারফরম্যান্স ছিল। প্রথম দিন থেকেই পুরো দলের দারুণ এনার্জি ছিল। কোচিং স্টাফে থাকা সবাই আমাদের সমর্থন করেছিল। এই কন্ডিশন কিছুটা স্পিন বান্ধব যা আমি উপভোগ করি। নিজের কাছে ফিরে আসো এবং সঠিক জায়গায় বল করো। আপনাকে ধৈর্য্য ধরতে হবে, ধারাবাহিক হতে হবে এবং চাপ তৈরি করতে হবে।’’
স্বাস্থ্যবান হলেও বেশ কয়েকবারই স্লিপে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দিন খেলতে নামার আগে সকালে স্লিপ ফিল্ডিং নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,’‘স্লিপ ফিল্ডিং নিয়ে সকালে অনেক কাজ করেছি। যখন বলটি আমার দিকে আসলো তখন আমি শুধু বলটিকে তালুবন্দি করতে চেয়েছি।”
